ন্যাশনাল ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন সদস্য। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের দিনই বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ানো হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে।
মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
তবে এই চারজনের অন্তর্ভুক্তিই শেষ পরিবর্তন নয়—মন্ত্রিপরিষদে আরও বড় ধরনের রদবদলের সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিশেষ করে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস হতে পারে। ফলে নতুন সদস্যদের শপথের পাশাপাশি কার হাতে যাচ্ছে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হল সাজানো হয়েছে বিশেষভাবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অনুষ্ঠানে অংশ নিতে ১ হাজার ২০০-র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
একই দিনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং মন্ত্রিসভায় চার নতুন মুখের অন্তর্ভুক্তি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন সবার নজর সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলের দিকে কার দায়িত্ব বদলাচ্ছে, কোন মন্ত্রণালয়ে আসছেন নতুন মুখ এবং সরকারের আগামী পথচলায় এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন মূল আলোচনার বিষয়।

