ন্যাশনাল ডেস্ক:
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংসদ সদস্যের পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক বিধান অনুযায়ী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন শাখাটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৩—ঠাকুরগাঁও-১ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায়।
ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনে তৈরি হলো নতুন রাজনৈতিক ও নির্বাচনী বাস্তবতা। এখন ওই শূন্য আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিত করে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতেও অনুলিপি পাঠানো হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ একদিকে দেশের সাংবিধানিক ইতিহাসে নতুন অধ্যায়, অন্যদিকে তার দীর্ঘদিনের নির্বাচনি ঘাঁটি ঠাকুরগাঁও-১-এ নতুন প্রতিনিধি নির্বাচনের পথও খুলে দিল।

