ন্যাশনাল ডেস্ক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর পরিস্থিতি থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের সার্বিক সহযোগিতায় নেওয়া কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
৬ হাজার ২৮৬ বিডিআর সদস্য চাকরিচ্যুত
গাইবান্ধা-৫ আসনের মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই। হত্যা ও বিস্ফোরক মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।
ঢাকায় সিসিটিভি মনিটরিং সম্প্রসারণের উদ্যোগ
ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে।
তিনি জানান, প্রকল্পটির প্রাথমিক ডিপিপির ওপর অনুষ্ঠিত বাছাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে। একনেকে প্রকল্পটি অনুমোদিত হলে সমগ্র ঢাকা মহানগরীকে সিসিটিভি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সাত মাসে মাদকবিরোধী ৬০ হাজারের বেশি অভিযান
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি সরকারের সময়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা দায়ের এবং ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
৮২৯ ডাবল ডেকার বাসের বৈধ অনুমতি
রাজশাহী-৪ আসনের আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন মহাসড়কে ৮২৯টি ডাবল ডেকার বাস চলাচলের বৈধ অনুমতি রয়েছে।
তবে কিছু অসাধু বাসমালিক ডাবল ডেকার বাসের বডির ধরন পরিবর্তন করে সেগুলোকে ‘ডাবল ডেকার স্লিপার বাসে’ রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছেন বলে প্রতীয়মান হয়েছে। এসব বাসের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কিছু গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।
নদীভাঙনে প্রতিবছর বাস্তুচ্যুত ১৫ হাজারের বেশি মানুষ
সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী নদীভাঙনের কারণে প্রতিবছর গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পরিবার এবং ১৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
প্রতিবছর কর্মক্ষেত্রে প্রবেশ করছেন ১৩.৬ লাখ মানুষ
কিশোরগঞ্জ-২ আসনের মো. জালাল উদ্দীনের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, শ্রমশক্তি জরিপ-২০২৪ অনুযায়ী দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৯০ লাখ ৯০ হাজার এবং বেকার ২৬ লাখ ২০ হাজার মানুষ। দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ।
তিনি আরও জানান, প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করছেন।

