ন্যাশনাল ডেস্ক:
দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের ভোট হবে আগামী বছরের ২৭ মে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপের ভোট হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের ভোট ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ সপ্তম ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ মে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এসব সিদ্ধান্ত কমিশন প্রাথমিকভাবে নিয়েছে।
তিনি জানান, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে চূড়ান্ত তফসিল ঘোষণার আগে এসব বিষয়ে আরও পর্যালোচনা করা হবে।
ইউপি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, পুরো নির্বাচনী কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে ইসি।
তবে প্রস্তাবিত সময়সূচি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কমিশনের পরবর্তী সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরই ভোটের তারিখসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হবে।

