পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের ইউনিফর্ম পরা ছবি পোস্ট করে ‘পুলিশে জয়েন্ট’ করার দাবি করেছেন শরিফা উর্মি নামের এক তরুণী। তবে স্থানীয় সূত্রের দাবি, বাংলাদেশ পুলিশে তার কোনো নিয়োগ হয়নি। বিষয়টি নিয়ে খুলনার পাইকগাছায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বুধবার রাতে নিজের ফেসবুক পেজে পুলিশের পোশাক পরা একটি ছবি প্রকাশ করেন শরিফা উর্মি। ছবিতে তাকে একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ পুলিশে জয়েন্ট করলাম, সবাইকে মিষ্টি খাওয়াবো।’
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশের পোশাক ও সরকারি গাড়ি ব্যবহার করে এমন ছবি প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শরিফা উর্মি পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং স্থানীয় পর্যায়ে নারী ক্রিকেটার হিসেবেও পরিচিত। সূত্রগুলোর দাবি, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য নন এবং পুলিশে তার কোনো নিয়োগ হয়নি।
স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা, ভিউ কিংবা আলোচনায় আসার উদ্দেশ্যেই পুলিশের পোশাক ও গাড়ি ব্যবহার করে ওই ছবি পোস্ট করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে শরিফা উর্মির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সরকারি বাহিনীর পোশাক বা পরিচয় ব্যবহারের বিষয়টি নিয়ে আইনগত প্রশ্নও উঠেছে। আইন বিশেষজ্ঞদের মতে, দণ্ডবিধির ১৭১ ধারায় সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক এমনভাবে ব্যবহার করার বিষয়টি শাস্তিযোগ্য হতে পারে, যদি তা প্রতারণা বা অন্যকে বিশ্বাস করানোর উদ্দেশ্যে করা হয়। তবে নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ওই ধারার প্রয়োগ হবে কি না, তা নির্ভর করবে ঘটনার প্রকৃতি ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণের ওপর।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।”
পুলিশের পোশাক ও গাড়ি ব্যবহারের অনুমতি, ছবিটি কীভাবে ধারণ করা হয়েছে এবং এর পেছনে কোনো আইনগত বিষয় রয়েছে কি না এসব বিষয়ে তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

