স্টাফ রিপোর্টার:
খুলনা নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বকুল বাগান এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সচেতনতা বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নম্বর ওয়ার্ড শাখা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কাউন্সিলর পদপ্রার্থী ও সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. জাহিদুর রহমান নাঈমের নেতৃত্বে এ অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় নেতাকর্মীরা বকুল বাগান এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
অভিযানের উদ্বোধনী বক্তব্যে মাওলানা মো. জাহিদুর রহমান নাঈম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দিনের বেলাতেও বাসাবাড়িতে মশারি ব্যবহার করতে হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে নিজ বাড়িতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে অথবা প্রয়োজন অনুযায়ী হাসপাতালে চিকিৎসা নিতে হবে।”
তিনি আরও বলেন, “২৫ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আসুন, আমরা সবাই সচেতন হই। নিজেদের ঘর-বাড়ি, এলাকা ও ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।
সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। আল্লাহ আমাদের এই মহামারি থেকে হেফাজত করুন।” এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

