ন্যাশনাল ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে এ অধিবেশনের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় এ প্রাতরাশের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সঙ্গীদের সম্মানে প্রতিবছর এ স্বাগত প্রাতরাশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বনেতারা একে একে তাদের সহধর্মিণীদের নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।
পরে স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ। প্রচলিত রীতি অনুযায়ী, তিনি বাংলায় ভাষণ দেবেন বলে জানা গেছে।

