নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। ঘটনার পর মামলা করা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে অসত্য দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, ‘মামলা করা হয়েছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না কতটা বিচ্ছিন্ন তিনি?’
রোববার দুপুরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় সালমান মুক্তাদির বলেন, ঘটনার পর তিনি রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করে অভিযোগ দায়েরের কার্যক্রম সম্পন্ন করেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন।
সালমান বলেন, ‘আপনার অধীনে থাকা প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রোটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের সমালোচনা করে তিনি বলেন, ঘটনাটিকে ‘টুকটাক ভাঙচুর’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তাঁর দাবি, হামলার ঘটনায় তিনজনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছিল। পরে মারধরের শিকার হয়ে তারা মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছে এবং স্বীকারোক্তি দিয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনাস্থলের অবস্থান তুলে ধরে সালমান মুক্তাদির বলেন, ইসিবি চত্বর ঢাকা-১৭ সংসদীয় আসনের এলাকায়। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর নির্বাচনি আসনের এলাকায় এত বড় একটি ঘটনা ঘটার পরও প্রশাসনের পক্ষ থেকে সেটিকে অত্যন্ত হালকাভাবে উপস্থাপন করা হয়েছে।
তবে এ ঘটনায় সরকারের কাছে কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সহায়তা চান না বলে জানান সালমান। তাঁর বক্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব দেশের সাধারণ নাগরিক ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা। কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষায় জনসংযোগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি।
দায়িত্বশীল পদে থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আরও সংবেদনশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

