ন্যাশনাল ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময় হলেই সফরটি হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগে কিছুটা বেশি আলোচনা হয়েছিল। আবারও বলছি, আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ দেওয়া আছে। আমার মনে হয় না, এ নিয়ে এখন কোনো তাড়াহুড়োর প্রয়োজন আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে।’
তিনি বলেন, ‘সবকিছু ইতিবাচক। তবে আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।’
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মন্ত্রীও ইতিবাচক, বাংলাদেশের মানুষও ইতিবাচক। আমি যখন রাস্তায় হাঁটি, মানুষের সঙ্গে কথা বলি, তখনও সবকিছু ইতিবাচক দেখি।’
দুই দেশেরই রাজনৈতিক বাস্তবতা ও বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওইটা তো সব হয়ে যাবে। কাজের মাধ্যমে অগ্রগতি হবে। তবে সবকিছু ইতিবাচক এবং আমি নিশ্চিত, আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটি সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত, ঘটনাটি ঘটবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়েও কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আগেও ছিলেন, আগামীতেও থাকবেন। আমি তাঁর সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করছি। কবিরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। সবসময় একটি ইতিবাচকতা আছে।’
তবে বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘আজকে যা কথা হয়েছে, তাতে আমি খুশি।’
দীনেশ ত্রিবেদী আরও বলেন, তিনি ভারতীয় হাইকমিশন ও ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়েও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও জানান তিনি।

