ন্যাশনাল ডেস্ক:
রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার বিইআরসি নতুন মূল্যহার ঘোষণা করে জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হবে। কমিশনের নির্ধারিত নতুন দরে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেনের মূল্য বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারদের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
আগস্ট মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী, প্রতি মেট্রিক টন প্রোপেনের দাম নির্ধারিত হয়েছে ৬২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৬৪০ মার্কিন ডলার। এ দুই পণ্যের গড় মূল্য ধরা হয়েছে প্রতি মেট্রিক টন ৬৩৩ মার্কিন ডলার। এর সঙ্গে প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৬৯ পয়সা যোগ করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ৫.৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২.৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১৩০ টাকা এবং ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বড় আকারের সিলিন্ডারের মধ্যে ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬৬০ টাকা এবং ৪৫ কেজি ধারণক্ষমতার সর্বোচ্চ সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।
আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

