ন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে সৌদিগামী ও ট্রানজিটের মোট ৮২টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৭১ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে ৩২টি সরাসরি সৌদিগামী এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি, ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
মঙ্গলবার এক বার্তায় এসব তথ্য জানায় বেবিচক। সংস্থাটি জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্সগুলোর ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইট চলাচলে এ বিঘ্নের কারণে সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণের ওপর নির্ভর করছে তাঁদের পরবর্তী যাত্রা।

