রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
সারাদেশ

কক্সবাজারে একই সড়কে দুই দফা ডাকাতি, লুটের শিকার শতাধিক যাত্রী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে সংঘটিত এসব ঘটনায় ৫০ থেকে ৬০টি যানবাহনের শতাধিক যাত্রী ডাকাতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় মুখোশধারী সশস্ত্র ডাকাতরা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাত ১০টা পর্যন্ত সড়কসংলগ্ন পাহাড়ি এলাকায় পুলিশের অভিযান চলছিল। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডাকাতির কবল থেকে পালিয়ে আসা রামু উপজেলার ঈদগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, ভোর সাড়ে ৬টার দিকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন তিনি। হিমছড়ি ঢালায় পৌঁছালে ডাকাতরা তাঁদের অটোরিকশার গতিরোধ করে হামলা চালায়। এ সময় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য যাত্রীদের মালপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।

একই স্থানে দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় দফায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীদের মধ্যে দুটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

একটি এনজিওর ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, দুপুরে তিনি এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে এক লাখ ২০ হাজার টাকা ছিল। হিমছড়ি ঢালায় পৌঁছালে ১০ থেকে ১২ জন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে শরীর তল্লাশি করা হয়। এ সময় এক লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাঁদের ছেড়ে দেয় ডাকাতরা।

রবিউল ইসলামের ভাষ্য, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতরা ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রীকে জিম্মি করে লুটপাট চালায়। বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

অন্য একটি এনজিওর ঈদগড় শাখার হিসাবরক্ষক আব্দুল হাকিম জানান, দুপুরে তাঁরা তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে এক লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

ডাকাতির শিকার ব্যক্তিদের দাবি, ডাকাতদলে ১২ থেকে ১৫ জন সদস্য ছিল। সবার মুখে মুখোশ এবং হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহনের গতিরোধ করার পর যাত্রীদের জিম্মি করে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। পরে তাঁদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী লুট করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা চললেও ওই সময় সড়কে পুলিশের টহল ছিল না। তাঁদের ভাষ্য অনুযায়ী, দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে লুটপাট চালায় ডাকাতরা।

এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581