খুলনা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে অপসারণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসব প্রচারসামগ্রী স্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। ব্যস্ততম সড়কে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর অনুমতি ছাড়া প্রচারসামগ্রী টানানো প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব প্রচারসামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতি এড়ানোর স্বার্থে সব রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ উদ্যোগে স্থাপিত তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
জনস্বার্থ, জননিরাপত্তা, নগরীর সৌন্দর্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

