বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালকের আসন থেকে শুরু করে কন্ডাক্টর ও হেলপারের দায়িত্বে থাকবেন নারীরাই। বাসটিতে যাতায়াতের সুযোগও পাবেন শুধু নারী যাত্রীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ফিতা কেটে বিশেষ এই পরিবহনসেবার যাত্রা শুরু করেন।
প্রাথমিক পর্যায়ে বগুড়ায় দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে একটি বাস শেরপুর-মাটিডালি রুটে চলাচল করবে। অন্য বাসটি বগুড়ার গুরুত্বপূর্ণ আরেকটি রুটে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শহর ও আশপাশের আরও গুরুত্বপূর্ণ সড়কে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
বিআরটিসি সূত্র জানায়, সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে নারীদের জন্য আলাদা পরিবহনসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ইতোমধ্যে বিশেষ বাস চালু করা হয়েছে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামেও এ কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিশেষ এই বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী রুটে সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বিশেষ এই বাসের চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী হবেন। একইভাবে যাত্রী হিসেবেও নারীরাই এই পরিবহন ব্যবহার করবেন। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের নিরাপদ চলাচলের সুযোগ নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এমন বাসসেবা চালুর প্রত্যাশা রয়েছে।
অনুষ্ঠানে বগুড়া মহিলা দলের নেত্রী নাজমা আক্তার বলেন, কর্মজীবী নারীদের প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। গণপরিবহনে ভিড়, আসনসংকট ও বিভিন্ন ধরনের বিড়ম্বনার কারণে অনেক নারীকে বাড়তি ভোগান্তি পোহাতে হয়। আলাদা বাস চালু হওয়ায় এসব সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বগুড়ার নতুন এই নারী বাসসেবায় চালকের দায়িত্বে রয়েছেন তাসলিমা পারভীন সাথি ও খাদিজাতুল কোবরা। উদ্বোধনের পর মহিলা দলের কয়েকজন কর্মী বিশেষ বাসে চড়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
নারীদের জন্য আলাদা পরিবহনসেবা চালুর এই উদ্যোগকে বগুড়ায় নিরাপদ গণপরিবহন ব্যবস্থার ক্ষেত্রে একটি নতুন সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত পরিচালনা ও রুট বাড়ানো গেলে কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির নারী যাত্রী এর সুফল পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

