ঝিনাইদহ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
সোমবার (৩ আগস্ট) ঝিনাইদহ জেলা পুলিশ লাইন্স স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আর সেই দায়িত্ব পালনের সবচেয়ে কার্যকর উপায় হলো বেশি বেশি বৃক্ষরোপণ করা।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিক্ষার্থী যদি নিজ নিজ পরিবারকে অন্তত একটি ফলজ, বনজ কিংবা ঔষধি গাছ লাগাতে উদ্বুদ্ধ করে, তাহলে অল্প সময়েই দেশের সবুজায়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মোঃ মাহফুজ হোসেন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন ডিআইজি। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম তাদের মেধা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে, যা ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এবং সবাইকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা রেঞ্জে দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।
তাঁর ভাষায়, “সমাজের প্রতিটি মানুষ যদি নিজের বাড়ির খালি জায়গায় অন্তত একটি গাছ লাগায়, তাহলে সম্মিলিত এই উদ্যোগই পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।”

