খুলনা প্রতিনিধি:
শিশুদের সুরক্ষা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বাজেটে শিশুদের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা শহর এরিয়া প্রোগ্রাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, বাজেটে শিশুদের জন্য পৃথক কোনো খাত না থাকলেও বিভিন্ন খাতে শিশুদের জন্য সুযোগ রয়েছে। এসব সুযোগ ও বরাদ্দ সম্পর্কে শিশুদের সচেতন করা প্রয়োজন। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে প্রতি দুটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ ও ফুটসাল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের মোবাইল ফোনের আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে নেওয়া বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিও চালু করা হয়েছে। খুব শিগগির এসব কার্যক্রম দৃশ্যমান হবে। কার্যক্রমগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে শিশুদেরও সম্পৃক্ত করা হবে।
শিশুদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
খুলনা শহর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম এবং বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান।
এ ছাড়া সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর বিউটি কুইন, কেসিসি ইয়ুথ ফোরামের সভাপতি মো. ফাহমিদ হাসান, সহসভাপতি আফরোজা আক্তার স্বর্ণালীসহ কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

