রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
খুলনা বিভাগ

খুলনায় সাহিত্যচর্চা এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

খুলনা প্রতিনিধি

সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে লেখকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা পালনের আহ্বান জানিয়েছেন খুলনার তিন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যবোদ্ধা। তাঁরা বলেছেন, সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের কার্যক্রম গতিশীল করতে সংগঠনটির স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বুধবার সন্ধ্যা ৭টায় খুলনার আহসান আহমেদ রোডে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় সংগঠনকে এগিয়ে নেওয়া, স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা, সমসাময়িক সাহিত্যচর্চা এবং লেখকদের সামাজিক দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক অধ্যাপক মো. আব্দুল মান্নান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার।

অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, একটি সংগঠন গড়ে তোলা সহজ হলেও তা টিকিয়ে রাখা এবং ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া বেশ কঠিন। এ জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগ। এ সময় তিনি সমসাময়িক সাহিত্যের বিভিন্ন ধারা নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক মো. আব্দুল মান্নান বলেন, খুলনা কবি-সাহিত্যিক ফোরামের কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করতে একটি স্থায়ী কার্যালয় প্রয়োজন। খুলনার কবি-সাহিত্যিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ ক্ষেত্রে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।

শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, কবি-সাহিত্যিক ও লেখকদের সমাজের প্রতি বিশেষ দায়বদ্ধতা রয়েছে। তাঁদের লেখনী ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা উচিত। সত্য ও শুদ্ধ সাহিত্যচর্চার মাধ্যমে কবিদের নিজেদের সৃজনশীলতাকে সমৃদ্ধ করার আহ্বানও জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন সাহিত্য মজলিসের প্রতিষ্ঠাতা ও সংগঠক মো. রুহুল আমিন সিদ্দিকি, কথাসাহিত্যিক ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওন, লেখিকা সংঘের সভাপতি কবি ও গল্পকার নাসিমা সুলতানা নিলু, নারীনেত্রী ও সংগঠক কবি শামীমা সুলতানা শীলু, কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদের সভাপতি সৈয়দ আলী হাকিম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জিনারুল ইসলাম।

খুলনা কবি-সাহিত্যিক ফোরামের সদস্যসচিব কবি আজাদুল হক আজাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সভাপতি ও সংগঠক সাইফুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মোড়ল, কবি এজি রানা, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, কবি ও সংগঠক এস এম শের আলী শেরবাগ, কবি ও সাহিত্য সমালোচক কামরুল হাসান মৃধা, লেখক সাদীকুর রহমান এবং কবি আব্দুল আউয়াল সাগরসহ অনেকে।

মতবিনিময় সভা শেষে কবি, সাহিত্যিক, সংগঠক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগে সাহিত্যচর্চাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581