ন্যাশনাল ডেস্ক:
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে ‘চুয়া সেলিম’কে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব-২। হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে ৩৬টি মামলা।
শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ক্যাম্পের একটি গোপন স্থান থেকে সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় একটি অপরাধী ও মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে চুয়া সেলিমের বিরুদ্ধে। মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। এর আগেও ২০২৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল র্যাব-২। তবে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও তাকে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে গ্রেফতার করা হলো।
এতগুলো মামলার আসামি জামিনে মুক্তি পাওয়ায় হতাশা প্রকাশ করেন র্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেফতার করলেও অপরাধ নিয়ন্ত্রণে আইনি প্রক্রিয়ার কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও আলোচিত এই সন্ত্রাসীকে ফের গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

