ন্যাশনাল ডেস্ক:
দেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ধর্ম পালনে বা ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা, বিশৃঙ্খলা বা মাস্তানি করার সুযোগ দেওয়া হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তথ্য পাওয়া মাত্রই তাকে আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কাউকে বাধা দেবে না। এ সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই। সেই সংগ্রামে আপনাদের পাশে পাব বলে আশা রাখি।’
তিনি বলেন, প্রায় ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অশুভ শক্তি ও অপশক্তির বিনাশের উদ্দেশ্যেই তাঁর জন্ম হয়েছিল। দেশের সব অপশক্তির বিরুদ্ধে যখন কাজ করা হবে এবং কথা বলা হবে, তখন হিন্দু সম্প্রদায়ের মানুষ সরকারের পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে হিন্দু সম্প্রদায়ের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি প্রকাশ করতেই তিনি অনুষ্ঠানে এসেছেন।
তিনি বলেন, ‘আপনারা আপনাদের উৎসব পালন করবেন। সরকার আপনাদের পাশে আছে।’ ধর্ম পালনের ক্ষেত্রে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের দৃঢ় অবস্থানের কথাও জানান আইনমন্ত্রী।
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

