ন্যাশনাল ডেস্ক:
নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে পৌঁছায়। পরে সেখানে অবস্থান নিয়ে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এ সময় ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ নানা স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা নোয়াখালীকে বিভাগ করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
তাদের দাবি, দেশের অর্থনীতিতে নোয়াখালীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং জাতীয় অর্থনীতিতে জেলার ইতিবাচক অবদান রয়েছে। রাজধানী ঢাকা থেকে নোয়াখালীর দূরত্বও উল্লেখযোগ্য। এ ছাড়া বিভাগীয় শহরের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে নোয়াখালী অন্যান্য দাবিদার জেলার তুলনায় বেশি উপযুক্ত বলেও দাবি করেন তারা।
জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভকারীদের অবস্থানের কারণে একপর্যায়ে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শাহবাগ মোড় ছেড়ে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

