বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
জাতীয়

সার কার্যক্রম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

ন্যাশনাল ডেস্ক:

দেশজুড়ে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো ধরনের সংকট, অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে বিক্রির ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য গঠন করা হয়েছে ২৭টি দল। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন।

কন্ট্রোল রুমের কার্যক্রম ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।

কন্ট্রোল রুমের অন্যতম দায়িত্ব হলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করা। কোনো এলাকায় সার পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

কোনো জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। পাশাপাশি মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সার পরিস্থিতির সর্বশেষ তথ্য সংগ্রহ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কৃষক, সার ডিলার, পরিবহনকারীসহ সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া অভিযোগও কন্ট্রোল রুমে গ্রহণ করা হবে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিদিনের সার পরিস্থিতি, পাওয়া অভিযোগ, গৃহীত ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।

অফিস আদেশে সার সরবরাহে বিঘ্ন, পরিবহন সমস্যা, গুদামজাতকরণে জটিলতা কিংবা ডিলার পর্যায়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত খবর ও অভিযোগ সংগ্রহ করে সেগুলোর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

কন্ট্রোল রুমে টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া তথ্য ও অভিযোগ যথাযথভাবে গ্রহণ, নথিভুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। এক শিফটের দায়িত্ব শেষে পরবর্তী শিফটের দায়িত্বপ্রাপ্ত দলের কাছে সংশ্লিষ্ট তথ্য ও কার্যক্রম যথাযথভাবে হস্তান্তর নিশ্চিত করতেও বলা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য ০৫০৩৫১ ফোন নম্বর দেওয়া হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493