রাজনীতি ডেস্ক:
আগামীকাল মঙ্গলবার রাত থেকে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া সংকট আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফজলুল হক বলেন, ‘আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর হলো, প্রধানমন্ত্রী বলেছেন আগামীকাল রাত থেকে গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তার আগের অবস্থায় ফিরে যেতে পারব।’
তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগের কারণে গ্যাস ও বিদ্যুতের বাড়তি চাহিদা তৈরি হবে। সেই চাহিদা কীভাবে পূরণ করা হবে, সে বিষয়েও সরকার একটি পরিষ্কার রূপরেখা দিয়েছে।
এফবিসিসিআই প্রশাসক বলেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয়, সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষই কমবেশি জ্বালানি সংকটে ভুগছেন। ফলে সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগামী দিনে উৎপাদন বাড়ানোর বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পনায় শুধু বর্তমান সংকট মোকাবিলার বিষয়ই নয়, শিল্পের সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ফলে ভবিষ্যতে গ্যাস-বিদ্যুতের বাড়তি চাহিদা কীভাবে পূরণ করা হবে, তারও রূপরেখা রয়েছে।
বৈঠকের আলোচনার বিষয়ে ফজলুল হক বলেন, এটি শুধু সরকারের পরিকল্পনা ব্যবসায়ীদের জানিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। পূর্বনির্ধারিত দুই ঘণ্টার বৈঠক প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় ব্যবসায়ী নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন এবং সেগুলোর সন্তোষজনক জবাব পেয়েছেন।
তিনি বলেন, ‘এটা এমন নয় যে সরকার পরিকল্পনা উপস্থাপন করেছে, আর আমরা শুধু শুনে চলে এসেছি। ব্যবসায়ী নেতারা তাঁদের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও পরামর্শ তুলে ধরেছেন। সেগুলোর সন্তোষজনক জবাব পেয়েই আমরা সভা থেকে বের হয়েছি।’

