ন্যাশনাল ডেস্ক:
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় সংসদ সদস্য ভবন (ন্যাম) এলাকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি ইবনে মিজান জানান, মরদেহ তখনো ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক দলের সদস্যরা আসছেন। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

