ন্যাশনাল ডেস্ক:
বাংলাদেশ এমন একটি ‘রেইনবো নেশন’-এর স্বপ্ন দেখে, যেখানে সমাজের কোনো মানুষ পিছিয়ে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উন্নয়নের অধিকার বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।’
তিনি বলেন, বাংলাদেশ এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছাবে এবং কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না।
জাতিসংঘের ‘উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি এবং উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।
অনুষ্ঠানে উন্নয়নের অধিকারকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

