ন্যাশনাল ডেস্ক:
শিক্ষাখাতের গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ গুরুত্বারোপ করেন। বিশ্বব্যাংকের অর্থায়ন ও ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত ‘হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের প্রভাব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ব্রিটিশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। এ বিষয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনে কোনো প্রতিষ্ঠান বা বিনিয়োগকারী আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। শিক্ষার মান ধরে রাখা ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মাহদী আমিন বলেন, শিক্ষা খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা এবং উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।
তিনি বলেন, সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে তৃতীয় ভাষা শিক্ষা চালু, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি, উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বাধ্যতামূলক কারিগরি ল্যাব চালু, পরীক্ষাগার সুবিধার আধুনিকায়ন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইকোসিস্টেম অফিস স্থাপন, স্টার্টআপ ফান্ড গঠন, উদ্ভাবন কার্যক্রম জোরদার, ক্যারিয়ার কাউন্সেলিং অফিস চালু এবং জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ঋণ কর্মসূচি চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা।
বৈঠকে হিট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও প্রশিক্ষকদের অভিজ্ঞতা, প্রকল্পটির প্রভাব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবন কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও সভায় অংশ নেন।
এ ছাড়া নির্বাচিত হিট মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনার এবং বিশ্বব্যাংক ও ইউজিসির সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সভা শেষে মাহদী আমিনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা খাতে বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলের বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করা, সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং সরকারের বিভিন্ন শিক্ষা উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

