ন্যাশনাল ডেস্ক:
সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেছেন, দেশের কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দাদের খবর আছে। দেশের কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা অর্থ সরবরাহ করছে।’
তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে বিভ্রান্তি ছড়ানো ও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সহায়তার বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে শত শত মানুষকে হত্যা করেছে। সেই সব শহীদদের স্মরণে আমরা ঢাকায় স্মৃতিস্তম্ভ তৈরি করেছি। বিএনপি একাত্তরকে ধারণ করে, বিএনপি চব্বিশকে ধারণ করে।’
তিনি আরও বলেন, জুলাইয়ের যোদ্ধাদের পাশে বিএনপি দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা চলছে এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
বক্তব্যে কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, একাত্তরে যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছিল, তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনেও একই ধরনের ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। জুলাইয়ের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও কয়েকটি দলের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রচারণার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ডের মতো কর্মসূচি চালু রাখার বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, এসব কর্মসূচি বাস্তবায়ন করতে চাইলে আগামী পাঁচ বছরও বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে অতীতে বিভিন্ন সময়ে জনগণকে বিভ্রান্ত করে দেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করেছে এমন রাজনৈতিক দলগুলোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

