নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশনপাড়া এলাকা থেকে র্যালিটি বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ানের নেতৃত্বে একটি গ্রুপ মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় শাহীন আহম্মেদকে কিল-ঘুষি মারার পাশাপাশি তাঁর পরনের গেঞ্জি টানাটানির দৃশ্যও দেখা যায়।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি দ্রুত শাহীন আহম্মেদকে সরিয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে হাতাহাতির সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে শাহীন আহম্মেদ বলেন, ‘মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে আসতে ধাক্কাধাক্কি নিয়ন্ত্রণ করতে একটু হট্টগোল হয়েছে। এছাড়া তেমন বড় কিছু ঘটেনি।’
পরে ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোস্টার-ব্যানার, প্ল্যাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে র্যালিপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

