নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এক ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোডাউন থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে মজুদ করা খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

