সিলেট প্রতিনিধি:
দেশের স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সের সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৭ হাজার চিকিৎসক এবং সাড়ে ৭ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে। আগামী তিন মাসের মধ্যেই সাড়ে ৭ হাজার চিকিৎসক ও সমসংখ্যক নার্স নিয়োগ দেওয়া হবে।
দেশে হামের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই তুলনামূলকভাবে বেশি হামে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হবে। চলতি মাসেই আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে।
সরকারের সময়কালে হাসপাতালগুলোর সেবার মান উন্নত হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেশের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকটগুলো চিহ্নিত করে ধাপে ধাপে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্স নিয়োগের মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে জনবল সংকট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

