ময়মনসিংহ প্রতিনিধি:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম এমরুল, নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারসহ দলটির নেতারা।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এমনিতেই চাপে রয়েছেন। এর মধ্যে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট তৈরি করবে।
তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।
বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

