কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর মোগলটুলী ফারুকী হাউজে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দলটির দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সমর্থকেরা সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালান। আসন্ন মহানগর কমিটিতে নেতৃত্ব নির্বাচন ও পদবিন্যাস নিয়ে দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের একাংশের মধ্যে মতবিরোধ চলছিল। নতুন আমির নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ প্রকাশ্যে আসে।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, কাজী দ্বীন মোহাম্মদ প্রায় ৩০ বছর ধরে কুমিল্লা মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নতুন আমির নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে আমির নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে।
সূত্র জানায়, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুনকে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় পর্যায়ে নেওয়া হয়েছে। এতে তাঁদের মহানগর আমির হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অন্যদিকে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান জ্যেষ্ঠ নেতা হিসেবে আমির পদে আলোচনায় আসেন।
এ পরিস্থিতিতে মামুনের অনুসারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাঁদের ধারণা, মামুনকে কেন্দ্রীয় পর্যায়ে নেওয়ার পেছনে মাহবুবুর রহমানের ভূমিকা থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর দলের জ্যেষ্ঠ নেতারা বিষয়টি খতিয়ে দেখছেন। এ নিয়ে একাধিক বৈঠকও হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কয়েকজন যুবক সভায় প্রবেশ করে হইচই শুরু করেন। পরে তাঁরা হট্টগোল করে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করেন।
বিজ্ঞপ্তিতে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

