রাজশাহী ব্যুরো
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ক্রিকেটার এসএম মেহরব হাসানের তিন লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজশাহী নগরীর কাজলা মৃধাপাড়ায় এক আসামির ভাড়া বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। তিনি জানান, চুরির ঘটনায় গ্রেপ্তার চার আসামির একজন মোজাম্মেল হক দাবি করেন, চুরি হওয়া লাগেজ থেকে নেওয়া তিন লাখ টাকা তাঁর ভাড়া বাসায় রয়েছে। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ওই বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় ক্রিকেট লিগ শেষে বুধবার ঢাকা থেকে রাজশাহী ফেরে বিভাগীয় ক্রিকেট দল। দলের ৫৪টি লাগেজ একটি কাভার্ডভ্যানে করে পাঠানো হয়। সকালে কাভার্ডভ্যান থেকে মালামাল নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া যায়। এ ঘটনায় ক্রিকেটার এসএম মেহরব হাসান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, তাঁরা রাজশাহীর পুঠিয়া এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে চলন্ত কাভার্ডভ্যানে ওঠেন। এরপর দরজার তালা ভেঙে আটটি লাগেজ নামিয়ে নেন।
অভিযানে চুরি হওয়া আটটি লাগেজও উদ্ধার করে পুলিশ। তবে লাগেজগুলোতে অন্যান্য মালামাল পাওয়া গেলেও তিন লাখ টাকা পাওয়া যায়নি। পরে এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবারই গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে রুবেল আহমেদ (৩৮) নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

