রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির ● লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: সংস্কৃতিমন্ত্রী ● বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে গেলো, মুক্তিপণের জন্য হত্যা রাকিবকে
স্থানীয় সরকার নির্বাচন

খুলনার ৬৮ ইউনিয়নে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

খুলনা প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলায় সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় যুবশক্তি, এনসিপির যুব উইং, খুলনা জেলা শাখার আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি।

সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, কোনো জোট বা সমঝোতার ওপর নির্ভর না করে নিজস্ব সাংগঠনিক শক্তি ও সক্ষমতা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

তিনি জানান, গত কয়েক সপ্তাহে খুলনা জেলার পাঁচটি উপজেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাকি উপজেলাগুলোর সমন্বয় সভার তারিখও ঘোষণা করা হয়েছে। এসব সভায় তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের মানুষের মতামত বিবেচনায় নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাই ও চূড়ান্ত করার কার্যক্রম চলছে।

এনসিপির এই নেতা বলেন, “খুলনা জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদেই এনসিপির প্রার্থী থাকবে, ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলের রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। তাই এসব প্রতিষ্ঠানকে জনগণের কাছে আরও দায়বদ্ধ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকেই রাজনৈতিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “আমরা শুধু নির্বাচনে প্রার্থী দিতে চাই না, ইউনিয়ন পর্যায় থেকেই নতুন রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়ে তুলতে চাই।”

বাপ্পির ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে নিয়ে খুলনার প্রতিটি ইউনিয়নের মানুষের কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে এনসিপির। মানুষের কথা শোনা এবং তাদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

তিনি বলেন, “আমাদের প্রার্থীদের সঙ্গে নিয়ে খুলনার প্রতিটি ইউনিয়নের মানুষের কাছে যাব। মানুষের কথা শুনব এবং জনগণের প্রত্যাশা পূরণকে গুরুত্ব দিয়ে এনসিপি রাজনীতি করবে। তৃণমূলের শক্তিই আমাদের শক্তি এবং জনগণের অংশগ্রহণই আমাদের রাজনৈতিক ভিত্তি।”

দলটির স্থানীয় পর্যায়ের এই প্রস্তুতির মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় সাংগঠনিকভাবে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে এনসিপি। তবে প্রার্থী তালিকা চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দলীয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581