বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলায় মো. আল আমিন ইসলাম (৩০) নামে বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা, সিম ও সিমকার্ডসহ ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের কাঠালতলা ফুটবল মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি আপাতত শঙ্কামুক্ত।
আহত আল আমিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোলদার শেখের ছেলে। তিনি বাংলালিংক ডিস্ট্রিবিউশনের খুচরা বিক্রয় কর্মকর্তা (আরএসও) হিসেবে কর্মরত।
বাংলালিংকের আরেক বিক্রয়কর্মী শরিফুল ইসলাম জানান, আল আমিন সিএন্ডবি বাজার এলাকায় মার্কেটিংয়ের কাজ শেষে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য শহরের দিকে ফিরছিলেন। পথে কাঠালতলা এলাকায় সবুজ রঙের একটি এফজেড মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁকে চাইনিজ কুড়াল দিয়ে ডান কাঁধে কোপ দেওয়া হয়। তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা নগদ টাকা, সিম ও সিমকার্ডসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউসের ব্যবস্থাপক জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আল আমিনের কাছে থাকা রিচার্জ বিক্রির টাকা, সিম ও সিমকার্ডসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে। তবে ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, বাগেরহাটে বিক্রয়কর্মীদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা এটাই প্রথম নয়। গত দেড় মাসে বিকাশকর্মী, ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানান তিনি।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ সোহেলুর রহমান বলেন, আল আমিনের কাঁধে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় বাংলালিংক ডিস্ট্রিবিউশন হাউসের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে এক বিকাশকর্মীর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গত দুই মাসে চিতলমারীসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

