স্টাফ রিপোর্টার
বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত আইডিয়াল জেনারেল হাসপাতালের পরিচালক সফিউল আজম। মধুমতি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা মোরেলগঞ্জের মানুষের কাছে আধুনিক চিকিৎসা ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পৌঁছে দিতে কাজ করছে হাসপাতালটি।
বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বেসরকারি স্বাস্থ্য খাতের ভূমিকা শুধু গুরুত্বপূর্ণ নয়, জরুরিও। সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশীদারত্বের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব। জুলাই গণ-অভ্যুত্থানের পর স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংস্কার নিয়ে কাজ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।
তিনি আইডিয়াল জেনারেল হাসপাতালের চিকিৎসা বিষয়ে বলেন, আধুনিক চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে আইডিয়াল জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছে এআই প্রযুক্তিসম্পন্ন P9 Elite 4D Color Doppler Ultrasound Machine। উন্নত ইমেজিং প্রযুক্তির এ যন্ত্রের মাধ্যমে মোরেলগঞ্জেই বিভিন্ন ধরনের আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন রোগীরা।
হাসপাতালটিতে গর্ভকালীন আল্ট্রাসনোগ্রাফি, কিডনি, লিভার ও সম্পূর্ণ পেটের পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসনোগ্রাফি (টিভিএস), ইকোকার্ডিওগ্রাফি, ব্রেস্ট, থাইরয়েড ও রক্তনালির পরীক্ষা, পেশি ও অস্থিসন্ধিসংক্রান্ত (এমএসকে) পরীক্ষা, ত্বক ও নরম টিস্যুর পরীক্ষা, অ্যানোমালি স্ক্যান এবং লাইভ ফোর-ডি আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।
হাসপাতালের পরিচালক আরও বলেন, আধুনিক চিকিৎসাসেবা ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য মোরেলগঞ্জের মানুষকে যেন অন্যত্র যেতে না হয়, সেই লক্ষ্য নিয়েই তাঁরা কাজ করছেন। স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে রোগীদের সময় ও যাতায়াত ব্যয় কমানোর পাশাপাশি চিকিৎসা গ্রহণও সহজ হবে।
তিনি বলেন, মোরেলগঞ্জের মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আইডিয়াল জেনারেল হাসপাতালের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও উন্নত প্রযুক্তি ও সেবার পরিধি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

