মোরেলগঞ্জে (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে রুমানা বেগম (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর স্বামী রহমান খান এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও রুমানার স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মোরেলগঞ্জ উপজেলার গোদাড়া গ্রামের জয়নাল খানের ছেলে ভ্যানচালক রহমান খানের সঙ্গে জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের ইউনুছ হাওলাদারের মেয়ে রুমানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমানা স্বামীর হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে অভিযোগ তাঁর পরিবারের। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও পারিবারিক বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
বুধবার বেলা ১১টার দিকে রুমানা স্বামীর ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ভ্যানে করে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়া হক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে পৌঁছানোর আগেই রুমানার মৃত্যু হয়।
রুমানার বাবা ইউনুছ হাওলাদার অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এটি আত্মহত্যা নয়, হত্যা।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

