মোংলা প্রতিনিধি:
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আরিফ হাসান মোংলা ইপিজেডের রপ্তানিমুখী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
শনিবার তিনি মোংলা ইপিজেডের রপ্তানিমুখী প্রতিষ্ঠান Jinlight Bangladesh Ltd. ও VIP Luggage BD Ltd. পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপসচিব মো. বজলুর রশীদ, খুলনা রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (উপসচিব) জিনাত আরা আহমেদ, সংশ্লিষ্ট রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ইপিবির ভাইস চেয়ারম্যান Petromax LPG Ltd. এবং রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
সন্ধ্যায় মোহাম্মদ আরিফ হাসান খুলনা চেম্বার অব কমার্সের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।

