মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় নির্বাচনে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেম্বার প্রার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন বিভাগের খুলনা আঞ্চলিক সদস্য মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম ও জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সহকারী অ্যাডভোকেট বি এম নুরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার শফিকুল আলম বলেন, স্থানীয় নির্বাচনে সফল হতে হলে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও সুশৃঙ্খল প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে। ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশা বোঝার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেন, নির্বাচনী কার্যক্রমে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখা গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনে প্রার্থীদের সততা ও জনকল্যাণমূলক মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
বিশেষ মেহমান অধ্যক্ষ মো. আব্দুল আলীম তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক শহিদুল ইসলাম প্রার্থীদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা ও পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অ্যাডভোকেট বি এম নুরুল ইসলাম সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব। এ ধরনের কর্মশালা প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় স্থানীয় নির্বাচনে মেম্বার প্রার্থীদের প্রচার-প্রচারণার কৌশল, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

